
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভুক্তভোগী জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বুধবার (২০ মে) সকাল ১১টায় নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। ঝালকাঠি, খুলনা, যশোর, বাগেরহাট, পিরোজপুর ও মোংলা বন্দরের সঙ্গে নলছিটি উপজেলা ছাড়াও বরগুনা, পটুয়াখালী এবং পায়রা বন্দরের সড়ক যোগাযোগ সহজ করতে সুগন্ধা নদীর ওপর একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি।
বক্তারা আরও জানান, বর্তমানে একটি ফেরি ও অন্তত ছয়টি খেয়াঘাট দিয়ে ইঞ্জিনচালিত নৌকায় প্রতিদিন ৫০ হাজারের বেশি মানুষ নদী পারাপার করে। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, আদালতে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বর্ষা মৌসুমে নদী পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, ফলে জরুরি সেবাও ব্যাহত হয়।
সমাবেশে ছাত্র ইমন বলেন, কয়েকদিন আগে জরুরি প্রয়োজনে রাতে ঝালকাঠি থেকে নলছিটিতে আসতে গিয়ে কলেজ খেয়াঘাটে সারারাত অপেক্ষা করেও ট্রলার পাননি। অটোরিকশাচালক আল আমিন বলেন, কয়েকদিন আগে ব্যাটারিচালিত অটোগাড়ি নিয়ে ঝালকাঠি গিয়ে সময়মতো ফেরি না পাওয়ায় বাধ্য হয়ে ৩৫০ টাকা খরচ করে নদী পার হতে হয়েছে।
ছাত্রনেতা রাতুল গাজী বলেন, “সুগন্ধা সেতু আমাদের প্রাণের দাবি।” সমাজকর্মী তূর্য বলেন, “নলছিটির অর্থনৈতিক উন্নয়নে সুগন্ধা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বক্তারা জানান, কয়েক বছর আগে ঝালকাঠি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিআইবিআরআর প্রকল্পের আওতায় সেতু নির্মাণের একটি প্রস্তাব পাঠালেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
সমাবেশে দ্রুত প্রকল্প অনুমোদন ও সেতু নির্মাণকাজ শুরুর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন বক্তারা।
সেতু নির্মাণের দাবিতে বক্তব্য রাখেন শহীদ ওসমান হাদীর বোন মাছুমা হাদী, শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদারসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্যের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।