
ওড়িশা প্রতিনিধি:
ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝড় জেলার মালিপোসি এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। মাত্র ১৯ হাজার ৩০০ টাকা উত্তোলনের জন্য বোনের কবর খুঁড়ে তাঁর কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হয়েছেন এক ভাই।
জানা যায়, ওড়িশা গ্রামীণ ব্যাংকের মালিপোসি শাখায় করলা মুন্ডা নামে এক নারীর অ্যাকাউন্টে ১৯ হাজার ৩০০ টাকা জমা ছিল। গত ২৬ জানুয়ারি, ভারতের সাধারণতন্ত্র দিবসের দিন তিনি মারা যান।
বোনের মৃত্যুর পর তাঁর ভাই জিতু মুন্ডা একাধিকবার ব্যাংকে গিয়ে ওই টাকা তোলার প্রক্রিয়া জানতে চান। তবে ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে জানায়, অ্যাকাউন্টধারী নিজে উপস্থিত না হলে টাকা উত্তোলন সম্ভব নয়।
নিরক্ষর জিতু মুন্ডা বারবার বোঝানোর চেষ্টা করেন যে তাঁর বোন মারা গেছেন, তাই তাঁকে ব্যাংকে আনা সম্ভব নয়। কিন্তু তাঁর কথায় গুরুত্ব না দিয়ে একই শর্তে অনড় থাকে ব্যাংক কর্তৃপক্ষ।
অবশেষে হতাশ ও ক্ষুব্ধ হয়ে জিতু মুন্ডা বোনের কবর খুঁড়ে কঙ্কাল বের করেন এবং সেটি কাঁধে নিয়ে সরাসরি ব্যাংকে হাজির হন। এ ঘটনায় ব্যাংকের ভেতরে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এবং ব্যাংকের দায়িত্বহীন আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের দাবি, প্রয়োজনীয় নিয়মকানুন সম্পর্কে সচেতনতা ও সহানুভূতির অভাবই এমন অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।