
শওকত হোসেন সৈকত, ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাই পৌর শহরের পশ্চিম লাকুড়িয়াপাড়া মহল্লায় নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে সাব্বির হোসেনের বাড়িতে এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত নাহিদা আক্তার ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইতোমধ্যে দুটি পরীক্ষা সম্পন্ন করেছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে। মা লিজা আক্তার প্রবাসে থাকেন এবং বাবা নিজ বাড়িতে বসবাস করেন। নাহিদা ধামরাইয়ের লাকুড়িয়াপাড়ায় নানীর সঙ্গে থাকতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় নাহিদা নিজ ঘরে পড়াশোনা করছিলেন। এ সময় তার নানী দুধ আনতে বাইরে যান। প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে তিনি নাহিদাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। ঘরের মেঝে রক্তে ভেসে যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। তার গলা ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।