
বরিশাল প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় বরিশালে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি, বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ মে) বেলা ১২টায় বরিশাল জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিসি প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীনসহ বিএনপি, শ্রমিকদল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন।
অন্যদিকে একই সময়ে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী।
এছাড়া ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ফজলুল হক এভিনিউ হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটিও সকালে নগরীতে লাল পতাকা মিছিল বের করে।
সমাবেশগুলোতে নেতৃবৃন্দরা বলেন, শ্রমিকরা এখনও নানা ক্ষেত্রে বঞ্চিত। তারা ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ সময় ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যায্য মজুরি এবং ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।