
আমিনুর ইসলাম, ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঃ
ঢাকার ধামরাইয়ে পৈতৃক সূত্রে পাওয়া ওয়ারিশি সম্পত্তি জবরদখলের চেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। গত ৪ মার্চ সকালে ধামরাই থানার দেলধা মৌজায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শাহিনুর ইসলাম খান (কাশেম) বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহিনুর ইসলাম ও তার ভাই-বোনেরা দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছিলেন। কিন্তু তাদের বড় বোন মনোয়ারা খানম মারা যাওয়ার পর থেকে আঃ রউফ দেওয়ান ও আঃ মান্নান মিয়া ওই সম্পত্তির মালিকানা দাবি করতে শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, পুরো দখল প্রক্রিয়ার নেপথ্যে ইন্ধনদাতা হিসেবে কাজ করছেন কুখ্যাত দালাল হিসেবে পরিচিত ছলু বেপারী।
ভুক্তভোগীদের দাবি, ছলু বেপারী ও তার সহযোগীরা যোগসাজশ করে আরএস ৫১৯ নম্বর দাগের জমি অবৈধভাবে বিক্রির চেষ্টা করছেন। গত ১২ জানুয়ারি জমি পরিমাপ করতে গেলে বিবাদীরা বাধা দেন এবং পুরো জমি দখলের হুমকি দেন।
সর্বশেষ গত ৪ মার্চ সকালে ছলু বেপারীর প্রত্যক্ষ মদদে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে শাহিনুর ইসলাম, তার বড় ভাই ইউনুছ খান ও ভাতিজা ইমরান খানের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।
এলাকাবাসীর অভিযোগ, ছলু বেপারী দীর্ঘদিন ধরে জমি কেনাবেচার নামে দালালি করে সাধারণ মানুষকে হয়রানি ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। তার প্রত্যক্ষ হস্তক্ষেপেই পারিবারিক এই বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
হামলার পর হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এতে ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা দালাল চক্রের হোতা ছলু বেপারীসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।