ধামরাই প্রতিনিধি ঃ
ঢাকার ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় এক পুলিশ সদস্যের স্ত্রী একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মায়া (ছদ্মনাম) নামের এক তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে উপজেলার শ্রীরামপুর গ্রামের এক পুলিশ সদস্যের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের শুরু থেকেই তিনি এ বিয়েতে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন।
প্রতিবেশীদের দাবি, বিয়ের সময় ওই তরুণী প্রকাশ্যে আপত্তি জানিয়ে বলেন, তাকে জোর করে বিয়ে দেওয়া হলে এর পরিণতি ভালো হবে না। এরপরও পারিবারিক সিদ্ধান্তে বিয়ে সম্পন্ন হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বান্ধবীর ভাষ্য, বিয়ের পরও ওই তরুণী বিভিন্ন বিষয়ে অসন্তুষ্ট ছিলেন এবং স্বামীর সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক ছিল না।
এদিকে অভিযোগ উঠেছে, সম্প্রতি তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে ওই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি অজ্ঞাত স্থানে চলে যান।
পুলিশ সদস্যের ঘনিষ্ঠ সূত্র জানায়, ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।