নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস-এর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিটি বাণিজ্য ও জমি দখলের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া দেবীপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, কামাখ্যা চন্দ্র দাস ও তার অনুসারীদের নানা অনিয়ম ও নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে টেন্ডারবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরেই থাকলেও এর কোনো প্রতিকার হয়নি। বরং নিজ দলের নেতাকর্মীদের কাছ থেকেও চাঁদা দাবি ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে, যা নিয়ে নতুন করে সমালোচনা সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সম্প্রতি ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া এলাকায় একটি খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু-এর উপস্থিতিতে কামাখ্যা চন্দ্র দাসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পোস্টার ও ব্যানার প্রদর্শন করা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশি নিরাপত্তায় তিনি এলাকা ত্যাগ করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় ভবন নির্মাণ করতে গেলে মোটা অংকের টাকা দিতে বাধ্য করা হয়। এছাড়া ইউনিয়ন কমিটিতে অন্তর্ভুক্তির আশ্বাস দিয়ে প্রবাসী ও বিত্তশালীদের কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। টেন্ডার নিয়ন্ত্রণ, দোকান ও সড়ক থেকে চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন তারা। প্রতিবাদ করলে মারধর, ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, কর্মসূচির নেতৃত্বদানকারী ব্যক্তিকে জেলা বিএনপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।