
নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
শুক্রবার সকালে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপাড়া বিওপি’র একটি ৭ সদস্যের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের মেইন পিলার ১১৩৯/৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়াইগড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ১০২ বোতল জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।