শওকত হোসেন সৈকত, ধামরাই প্রতিনিধি:
আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সারা দেশের মতো ঢাকার ধামরাইয়েও যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হয়েছে। ধামরাইয়ের ঐতিহাসিক হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণ বরাবরের মতোই এ আয়োজনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার ভোরে হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন। সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন খান। এছাড়াও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
সকালে হার্ডিঞ্জ স্কুল মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাম গ্রহণ করেন।
এছাড়া “মুক্তির সংগ্রাম ও ডিজিটাল বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীরচর্চা ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা এবং মাঠের একাংশে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।