
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা সদরের একমাত্র দুটি ফিলিং স্টেশনে তীব্র অকটেন সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ মানুষ।
সোমবার (২৩ মার্চ) দুপুর থেকে শহরের ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আসা মানুষের দীর্ঘ লাইন থাকলেও অকটেন সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। যদিও ডিজেল ও পেট্রোলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবুও অকটেন না থাকায় বিপাকে পড়েছেন চালকরা।
ভুক্তভোগীরা জানান, তাদের যানবাহনের জন্য অকটেন প্রয়োজন হলেও তা না পেয়ে বাধ্য হয়ে পেট্রোল ব্যবহার করছেন। এতে গাড়ির ইঞ্জিনের দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে অকটেনের চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত মজুত শেষ হয়ে গেছে। পাশাপাশি ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন বলেন, ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেল সঠিকভাবে সরবরাহ হচ্ছে কিনা তা নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। সরকার নির্ধারিত কোনো সীমাবদ্ধতা বর্তমানে নেই, যৌক্তিক চাহিদা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
এদিকে পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল সরবরাহেও সীমা নির্ধারণ করা হয়েছে। মোটরসাইকেলে সর্বোচ্চ ২০০ টাকা এবং প্রাইভেটকারে সর্বোচ্চ ৫০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে।
দ্রুত অকটেন সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা